চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর থেকে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধবার বেলা ১২টার দিকে উপজেলার গুলিয়াখালী সাগর উপকূল থেকে ভেসে আসা এ লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। ধারণা করা হচ্ছে, শিশুটি নোয়াখালীর ভাসানচর এলাকায় সম্প্রতি নৌকা ডুবিতে হারিয়ে যাওয়া রোহিঙ্গা দলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুরের গুলিয়াখালী সাগর পাড়ে একটি শিশুর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ কোস্টগার্ডের মাধ্যমে ভাসানচর থানায় লাশটি পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহেদ হোসেন নিজামী। তিনি বলেন, সকালে একটি লাশ ভেসে এলে পুলিশ সেটি উদ্ধার করে কোস্ট গার্ডকে তুলে দেয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, ভেসে আসা শিশুর বয়স ১২-১৩ হতে পারে। আমরা নৌকাডুবির ঘটনা ধারণা করে লাশটি কোস্ট গার্ডের মাধ্যমে ভাসানচর থানায় পাঠিয়ে দিয়েছি।

প্রাথমিকভাবে মেয়েটিকে শনাক্ত করা গেছে। সে ওই রোহিঙ্গা দলের সদস্য।

উল্লেখ্য, গত শুক্রবার নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। এর মধ্যে ঘটনার পরপর ১৪ জন জীবিত উদ্ধার হয়। এছাড়া সন্দ্বীপসহ বিভিন্ন সাগর উপকূল থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়।