টাঙ্গাইলের নাগরপুরে জমি হাল চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা এলাকায় প্রাণহানির ঘটনাটি ঘটে।
নিহত কিশোর ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে মো: সোহেল ফকির (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, আগত গয়হাটার চাঁন মিয়ার জমি দীর্ঘদিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন আ: লতিফ। জমি চাষের জন্য উজ্জল মিয়ার ট্রাক্টর ভাড়া করেন তিনি। বৃহস্পতিবার সকালে ট্রাক্টর চালক নবীন মিয়া ওই জমিতে হাল দেয়া শুরু করেন। ট্রাক্টরের উপর চালকের পাশে বসে থাকে কিশোর সোহেল। ট্রাক্টর চলাকালীন সময় ঝাঁকুনিতে সোহেল পড়ে গেলে সাথে সাথে লাঙ্গলে পেঁছিয়ে যায় তার দেহ। লাঙ্গলের ফলায় ক্ষতবিক্ষত হয়ে মারা যায় ওই কিশোর। সোহেলের লাশ জমিতে ফেলে রেখেই পালিয়ে যায় ট্রাক্টর চালক নবীন।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।






