গাইবান্ধার গোবিন্দগঞ্জে শক্রবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মাহাবুব মিয়া (২৭), একই উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের দেবওর রামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫৫), একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব আলী ছেলে ভুট্টা মিয়া (৪০)।

পুলিশ জানায়, রাতে মাহবুব মিয়া তার দুই বন্ধু করিম ও ভুট্টুকে নিয়ে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা বালুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পায়েল পরিবহন নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে বাসের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিন বন্ধু নিহত হন। তবে বাসের যাত্রীদের ক্ষতি হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ তিনটি থানা হেফাজতে রয়েছে।