জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

শনিবার সকালে তার ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, লিটন মিয়া সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটেলে কর্মচারি হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে তিনি কাজ শেষে বাড়িতে আসেন। শনিবার সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান।

এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখেন, লিটন মিয়ার হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা বাঁধা দেখতে পাইনি, তবে স্থানীয়দের কাছে এমনটি শুনেছি।

তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেয়ে কারণ বলা যাচ্ছে না।