নরসিংদীর মনোহরদীতে একই জমিতে একাধিক কৃষক একাধিক ফসল চাষে চমক দেখিয়েছেন। এতে এক কৃষক সম্পূর্ণ জমিতে যেকোনো এক প্রকার ফসল চাষ করার পর অন্য একজন একই জমি বর্গা কিংবা ভাড়া নিয়ে অন্য ফসল আবাদ করতে পারছেন। জমির সর্বোত্তম ব্যবহার এবং অল্প খরচে লাভবান হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ পদ্ধতিতে ফসল আবাদের জনপ্রিয়তা বাড়ছেই। এ ছাড়া এ পদ্ধতিতে চাষাবাদে জমির মালিক নিজে ফসল উৎপাদনের পাশাপাশি জমি বর্গা কিংবা ভাড়া দিয়ে যেমন আলাদা অর্থ পাচ্ছেন, তেমনই অন্য এক ভূমিহীন কৃষক চাষাবাদ করে উপার্জনের নতুন পথ খুঁজে পেয়েছেন। নতুন ও অভিনব এ পদ্ধতিতে ফসল চাষ হচ্ছে উপজেলার লেবুতলা ইউনিয়নে।
সরেজমিন গাংকুলকান্দী গ্রামের ভূঁইয়ার বাজার এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাজারসংলগ্ন একটি জমিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন মিয়া ৪০০ মাল্টা গাছের এক বাগান করেছেন। আর সেই একই জমিতে একই গ্রামের সফুর উদ্দিন চাষ করেছেন বাঙ্গি।
বাগান পরিদর্শনের সময় কৃষক সফুর উদ্দিন জানান, ফসলের আধাআধি ভাগ দেবেন এই শর্তে তিনি এই জমিতে বাঙ্গি চাষ করেছেন। এই জমি থেকে প্রায় লাখ টাকা উপার্জনের স্বপ্নের কথাও জানান এই কৃষক।
এমন চিত্র দেখা গেছে রায়ের পাড়া গ্রামের মাঠে। যেখানে কৃষক হাবিবুর মৃধা নিজের জমিতে দুই হাজার ৬০০ ড্রাগন গাছের চারা রোপণ করেছেন। আবার বার্ষিক ভাড়ায় একই জমিতে স্থানীয় আরেক কৃষক রোমান মিয়া ড্রাগন গাছের ফাঁকে ফাঁকে ৪০০ রেড আপেল জাতের কুল চাষ করেছেন।
কৃষক হাবিবুর মৃধা জানান, তার আরেক জমিতে তিনি নিজে ৪০০ বর সুন্দরী জাতের কুল চাষ করেছেন। এই কুল গাছের ফাঁকে ফাঁকে আন্য এক কৃষক জমশেদ শসার আবাদ করেছেন। কৃষক জমশেদ জানান, এই পদ্ধতিতে শসা চাষে বেশ লাভবান হয়েছেন তিনি।
বর্গা চাষি সফুর উদ্দিন জানান, এখন পর্যন্ত এভাবে চাষাবাদে জমির মালিক বা সাথের কৃষকের সাথে কোনো বিষয়ে কোনো প্রকার মনোমালিন্য দেখা যায়নি। কিভাবে জমিতে কী করা হবে সব বিষয় আলোচনার মাধ্যমে পাকা করেই দু’পক্ষ একই জমিতে ফসল চাষ করে থাকেন। এ পদ্ধতিতে ফসল চাষের মাধ্যমে উভয় পক্ষেরই লাভবান হওয়ার কথা জানান স্থানীয় কৃষকরা। তারা আরো জানান, এ পদ্ধতিতে দিন দিন চাষাবাদের হার বেড়েই চলছে।
সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনকারী উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, এ পদ্ধতিতে ফসল চাষে রয়েছে নতুনত্ব। আমার জানা মতে আর কোথাও এমন পদ্ধতিতে আবাদ হয় না। এ পদ্ধতিতে জমির উত্তম ব্যবহার হচ্ছে। আমরা দায়িত্ব পালনকালে কৃষকদের ফসল চাষের ক্ষেত্রে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। একসময় এটি বেশ জনপ্রিয় চাষ পদ্ধতি হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই জমিতে একাধিক কৃষকের একাধিক ফসল
নরসিংদীর মনোহরদীতে একই জমিতে একাধিক কৃষক একাধিক ফসল চাষে চমক দেখিয়েছেন। এতে এক কৃষক সম্পূর্ণ জমিতে যেকোনো এক প্রকার ফসল চাষ করার পর অন্য একজন...



