পঞ্চগড়ের আটোয়ারীতে ঘরের দরজা ভেঙ্গে মো: ইয়াছিন জাহিদ চৌধুরীর (৪৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার ফকিরগঞ্জ বাজারে মো: জাহের আলীর বাসার দরজা ভেঙ্গে ভাড়াটিয়া লাশ উদ্ধার করে সিআইডি’র ক্রাইম সিন দলের সদস্যরা।
ইয়াছিন জাহিদ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলী চৌধুরীর ছেলে।
জানা যায়, গত বছরের ৩ জুলাই তিনি আটোয়ারীতে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
ওই বাসার আরেক ভাড়াটিয়া ক্ষিরাদ চন্দ্র রায় (২৭) জানান, গত চার দিন আগে ইয়াছিনের সাথে তার ফকিরগঞ্জ বাজারে দেখা হয়। রোববার ইয়াছিনের রুম থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই এলাকার মানুষ পুলিশকে জানান। খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইজার উদ্দীন দ্রুত সিআইডি’র ক্রাইম সিন দলের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে পঞ্চগড় মর্গে পাঠায়।
বাসার মালিক মো: জাহের আলী জানান, মাসিক তিন হাজার টাকা ভাড়ায় তিনি দুই রুম নিয়ে গত বছর ওঠেন এবং নিয়মিত ভাড়া দিতেন।
তিনি আরো জানান, তার দুই ভাই বিদেশে থাকে এবং তারাই ইয়াছিনের খরচের টাকা পাঠাতেন এমনটিই জানিয়েছিলেন মৃত ইয়াছিন চৌধুরী।
এ প্রসঙ্গে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: আলমগীর রহমান বলেন, মৃত ব্যক্তি এক সময় ঢাকায় চাকরি করতেন এবং তিনি চাকরি ছেড়ে দিয়ে পরিবার ছাড়াই আটোয়ারীতে বসবাস করছিলেন। তিনি কি কারণে মারা গেলেন তা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। রিপোর্ট পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






