করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে চারজন মারা গেছেন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা দুজন কমেছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার তিনজন, নাটোর, নওগাঁ ও চুয়াডাঙ্গার একজন করে রোগী রয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন মোট ২৩৮ জন।






