কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে মানসিক রোগী এক যুবক আত্মহত্যা করেছেন। রেববার রাতে উপজেলার পুর্ব ধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম নুর আমিন (২৫)। তিনি ওই গ্রামের আদম আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নুর আমিন দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছেন। রোববার রাতের খাওয়া শেষে তিনি তার ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে অনেক ডাকা-ডাকির পরও দরজা না খোলায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার এসআই রাহাত জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এবং পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।