কপোতাক্ষের পাইকগাছা সীমান্তবর্তী তালার কানাইদিয়া চর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তালা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশের ধারণা, কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছে।
পুলিশ জানায়, সকালে উপজেলার কানাইদিয়া-কপিলমুনির খেঁয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ চর থেকে নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকটিকে কপোতাক্ষ নদীতে ফেলে দিয়েছে। পরে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে চরে এসে আটকে রয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, এলাকাবাসী কানাইদিয়া এলাকায় কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।






