ভোলায় গাছচাপায় আচিয়া আক্তার রিক্তা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে ইলিশা ইসলামিয়া মডেল কলেজে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই কলেজের অফিস সহায়ক ও পূর্ব ইলিশা ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড সোনাডগি গ্রামের মোল্লা বাড়ির মো: মোফিজ মোল্লার মেয়ে।

এলাকাবাসী জানায়, ইলিশা মডেল কলেজের নতুন ভবন নির্মানের জন্য কলেজমাঠের গাছকাটা চলছে। তখন ওই কলেজের অফিস সহকারী মোফিজ মোল্লা ও তার মেয়ে রিক্তা সেখান থেকে গাছের গুড়ি (কুটি) কুড়াচ্ছিলেন। একপর্যায়ে গাছের ডাল পড়ার শব্দে রিক্তা এক স্থান থেকে অন্য স্থানে দৌড় দিলে তার উপরে গাছের ডাল পরে। এতে রিক্তা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।