রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরধুঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো, মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ (২) এবং রমজান ফকিরের মেয়ে রুমাইসা (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
পরিবারের লোকজন জানায়, সন্ধ্যায় তারা বাড়িতে খেলছিল। হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদত হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






