গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থেমে থেমে গোপালগঞ্জ শহর সংলগ্ন ফকিরকান্দি ও মৌলভীপাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে মারাত্মক আহত পুলিশের এএসআই মনিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে ফকিরকান্দি ও মৌলভীপাড়ার কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ওই দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতেও থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষে ২০ জন আহত হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘরও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ডিএসবি পুলিশের এএসআই মনিরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক আহত করে সংঘর্ষকারীরা। পরে মারাত্মক আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।
খবর পেয়ে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।






