বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি হাসান নামে একটি মাছধরা ট্রলার তলা ফেটে গিয়ে ডুবে গেছে। ওই ট্রলারে ১৫ জন জেলে ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বুধবার সকালে ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে আরেকটি ট্রলার নিয়ে কয়েকজন জেলে গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

বিকেল পৌনে ৩টার দিকে উদ্ধারের তথ্য জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গোলাম মোস্তফা চৌধুরী ঘটনা সম্পর্কে বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানাধীন এফবি হাসান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তারাও জেলেদের উদ্ধারে চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, বুধবার সকালে সেন্টু খানের মালিকানাধীন এফবি হাজেরা ট্রলারসহ কয়েকজন জেলে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারের জন্য যায়।