গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ইউক্লিকটাস গাছের গোড়ায় ওড়না পেঁচানো অবস্থায় নুর বানু বেগম (৩৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে আব্দুল লতিফ মিয়া ধানক্ষেতে বেড়াতে গিয়ে গাছের গোড়ায় গৃহবধূর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নুরবানু পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার রহমত চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী। রশিদ বর্তমানে জীবিকার তাগিদে ফেনীতে অবস্থান করছেন। নুরবানু উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা গ্রামের সাহেব আলীর মেয়ে। দীর্ঘ ১০ বছর আগে রশিদের সাথে তার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। খবর পেয়ে নুরবানুর বড় ভাই হামিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।
হামিদুর রহমান জানান, মঙ্গলবার সকালে নুরবানু তার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যান। তার দাবি কে বা কারা তাকে হত্যা করে লাশ গাছের গোড়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে রেখেছে। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃতি হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার জোর দাবি জানিয়েছে।
তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নুরবানুর মৃত্যুটি স্বাভাবিক নয়। কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল (এ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






