ভারতের উজানে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানির তোড়ে বুধবার রাত ৯টার দিকে ফেনীর ফুলগাজী সদরে মুহুরী নদীর বাঁধ ভেঙে সাত গ্রাম প্লাবিত হয়েছে।

এ দিকে বসতঘরের পাশাপাশি পুকুর, ফসলি ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সড়ক ও হাট-বাজারের পানি ওঠায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফেনী জেলা শহরের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁধ ভেঙে হু হু করে ঢলের পানি লোকালয়ে ঢুকছে। এরই মধ্যে নদীর তীরবর্তী ফুলগাজীর জয়পুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘনিয়া, উত্তর ঘনিয়ামোড়া, দক্ষিণ ঘনিয়ামোড়াসহ সাত গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রতি মুহূর্তে নদীর পানি বাড়তে থাকায় ইতোমধ্যে মুহুরী নদীর ভাটি এলাকার ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। পানির বাড়া অব্যাহত পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কায় এলাকাবাসীর দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই মুহুরী নদীতে পানির চাপ বেশি ছিল। দুপুরে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পানির চাপ কমতে শুরু করেছে। আশা করি পানি নেমে যাবে।