চট্টগ্রামের সাতকানিয়ায় মনছুর আলী (৪৬) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ। তিনি খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত আসহাব মিয়ার ছেলে। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার মাইজপাড়া এলাকায় তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে চা-পাতা সরবরাহের ব্যবসা করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মনছুর আলী গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর বড় ভাইয়ের ঘরে রাতের খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমাতে চলে যান। বিকেলের দিকেও তিনি ঘুম থেকে জেগে না ওঠায় সবাই ডাকাডাকি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে গেলে তার গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, আলামত ও পরিবারের লোকজনের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে ধারালো দায়ের সাহায্যে গলা কেটে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। এরপরও বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যাবে।



