ভোলার লালমোহনে বাড়ির পাশের ডোবায় পড়ে রোকেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন পৌর শহরের ৪ নং ওয়ার্ডের আব্দুল মান্নান কমিশনার সড়কের দায়রা বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ রোকেয়া ওই বাড়ির ফোরকানের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানান স্বজনরা। দুপুরের দিকে লাশ দাফনের জন্য গৃহবধূর বাবার বাড়ি তজুমদ্দিনের খাসেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।

স্বজনরা জানায়, রোকেয়া-ফোরকান দম্পত্তির কোনো সন্তান ছিল না। তাই তারা একজন মেয়ে পালতেন। সকালের দিকে ওই মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যান তিনি। এ সময় দেখতে পেয়ে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।