নোয়াখালীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। শনিবার সকালে চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালক আব্দুর রহমান (৪০) সদর উপজেলার চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় মাইজদী বাজার থেকে সোনাপুরগামী একটি কাভার্ডভ্যান মাইজদী বাজারের ওয়ালটন শোরুমের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালকের মৃত্যু হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও সিএনজি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাকচালক পালিয়ে যায়। পরে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






