লোহাগাড়ায় কাফনের কাপড়-মৃত্যুর সরঞ্জাম ও চিরকুট পাঠিয়ে হারুন নামে এক যুবককে হত্যার হুমকি দেয়া হয়েছে। উপজেলার আধুনগর ইউনিয়নের সরদার্নীপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেছে হারুনের বড় ভাই মোহাম্মদ হেলাল।

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে হেলালের বাড়িতে কে বা কারা কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হুমকি দেয়।

চিরকুটের লেখাগুলো হুবহু তুলে ধরা হলো- ‘হেলাল, বেলাল, ভুট্টো, তুদের সাবধান করে দিলাম। তুদের ভাই হারুনকে বলে দিস, সে আমাদের গোপনিয় বিষয়ে হাইকোর্টে কোন মামলা যেন না করে, যদি কোন প্রকার মামলা করে এই রকম আরো ৫ টি কাপনের কাপড় যাবে। তুদের পরিনতি খুব খারাপ হবে। এখনো সময় আছে তুরা সবাই ভাল করে হারুনকে বুঝা। ইতি আজরাইল।’

এতে আরো উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাতে হেলালের বড় ভাইয়ের স্ত্রী মায়মুনা আক্তার দেখতে পায়, বাড়ির সামনের দরজায় একটা বাজারের ব্যাগের ভেতর একটি প্যাকেট। যাতে একটি কাফনের কাপড়, দুটি আগর বাতি, একটা গোলাপ জল, একটি আতর এবং একটি হাতের লেখা চিরকুট। যা দেখে ভয়ে সে চিৎকার করে উঠে। তার চিৎকার শুনতে পেয়ে সাথে সাথে সবাই এসে ব্যাগ খুলে দেখে। এ ব্যাপারে তারা আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন (জনু) এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে মোবাইলে জানালে সবাই থানায় গিয়ে নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করে রাখার পরামর্শ দেন।

ডায়েরীতে আরো উল্লেখ করা হয়, গত অনুমানিক এক বছর ধরে হেলালের বাবা ছিদ্দিক আহমদের খালাত ভাই নোমানগ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলামের সাথে হেলালের ছোট ভাই হারুনের বিরোধ চলে আসছিল।