নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে মো: আবু শাহাদত শাহি (১৮) নামে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
নিহত ছাত্র বদলগাছী উপজেলার সরদারপাড়া গ্রামের একরামুল হক (বাবুল) সরদারের ছেলে। তিতি ঢাকার মুনশী আব্দুর রউফ কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নতুন হাটের পাশে ছোট যমুনা নদীতে গোসর করতে নেমে নিখোঁজ হয়। এরপর রাত ৮টার দিকে ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার ছোট যমুনা নদীর চরে শাহি, মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিমসহ ছয় থেকে সাতজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে শাহি ও মারুফ দু’জন ছোট যমুনা নদীতে সাঁতার কাটতে নামে। যমুনা নদীর পূর্ব পাড়ে যাওয়ার জন্য সাঁতার কেটে মারুফ নদী পার হলেও নদীর মাঝখানে গিয়ে সাঁতার কাটতে পারছিলেন না শাহি। এ অবস্থায় তার বন্ধুরা নদীর পশ্চিম পাড় থেকে তড়িঘরি করে সাঁতার কেটে নদীর মাঝখানে এসে শাহিকে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাঁশ-ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসতে বললে সে বাঁশ ধরতে পারেনি। রক্ষা করার চেষ্টা করার সময় নদীতে স্রোত থাকায় শাহি নদীতে তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী নদীর তীরে দেখার জন্য ছুটে আসে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধার হয়েছে। ডুবে যাওয়ার স্থানের ১৫ থেকে ২০ হাত দূর থেকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।






