কুমিল্লায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সাথে পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের (জ) বগি লাইনচ্যুত হয়ে যায়। শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে রেলপথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে বিশ্বরোড রেলগেইটে উঠে সবজিবোঝাই ট্রাকটি রাস্তা পার হতে গেলে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে পড়ে রেললাইনের পাশে। ধাক্কায় ট্রেনের মাঝামাঝি থাকা একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটির মাঝের ৩টি বগি রেখে সামনের ৭টি বগি লাকসাম জংশনে এবং বাকি ৭টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বগি উদ্ধারে ভোর থেকে কাজ শুরু করে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্তকে।