নেত্রকোনার পূর্বধলায় পুকুরে ভাসমান অবস্থায় আব্দুল মজিদের (৫৭) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের নূরুল ইসলামের পুকুর থেকে মজিদের লাশ উদ্ধার করা হয়। তিনি আগিয়া পূর্বপাড়া গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদ অনেক দিন থেকেই প্যারালাইসিস ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাদের বাড়িতে এক ব্যক্তির মৃত্যু হয়। গতকাল শনিবার বিকেলে ওই মৃত ব্যক্তির কুলকানির আলোচনার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোজাখুঁজির পর রোববার সকালে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত আব্দুল মজিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।






