নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎপৃষ্টে আব্দুর ছাত্তার (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের কর্ণাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর ছাত্তার একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর ছাত্তার ব্যাটারিচালিত ভ্যানচালক। রোববার সকালে চার্জারভ্যানে চার্জ দিতে গিয়ে দেখেন ভ্যানের ব্যাটারিতে চার্জ হচ্ছে না। এ সময় তিনি লাইনের সংযোগের কাজ করছিলেন। এমতাবস্থায় অসাবধানতা বসত তিনি তারের সাতে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, ভ্যানে চার্জ দেয়ার লাইনের সংযোগের কাজ করছিলেন। অসাবধানতা বসত তিনি তারের সাথে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুর ছাত্তার মারা যায়। লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।






