কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর এলাকার পুরোনো গোমতী নদী থেকে অপু হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপু নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, অপু মাদকাসক্ত ছিলেন। রোববার সকালে পুরোনো গোমতী নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, অপুর দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার পকেটে থেকে গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে জানা যাবে।