গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের মিথ্যা তথ্য দেয়ায় কথিত সাংবাদিক মো: হাসানকে এক মাসের জেল দিয়েছে আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে জেল জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকায় অভিযান পরিচালনা করে কথিত সাংবাদিকের দেয়া তথ্য ভুল প্রমাণিত হওয়ায় তাকে জেল জরিমানা করা হয়।

কথিত সাংবাদিক মো: হাসান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় কথিত এক সাংবাদিক কয়েকটি বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেছে বলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তিনি ওই এলাকায় অভিযান পরিচালনা করার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তাকে বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওইসব বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গেলে কোনো অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়নি। ভুল তথ্য দিয়ে নির্বাহী কর্মকর্তা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে হয়রানি করায় ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। মোবাইল কোর্ট বসিয়ে কথিত ওই সাংবাদিককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন চন্দ্রা জোনাল অফিসের প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ, সহকারী কর্মকর্তা সাইজুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী মিজানুর রহমান, টেকনিশিয়ান মেজবাউদ্দিনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিভিউশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, কথিত ওই সাংবাদিক কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে মুঠোফোনে জানায়। তার এমন তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে ভান্নারা এলাকায় কয়েকটি বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে কথিত ওই সাংবাদিকের সকল তথ্য ভুল প্রামাণিত হওয়ায় তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয় আদালত।