নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলায় বাঁশপাতা সংগ্রহ গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো: কিতাব আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পাইকুড়া গ্রামে বাঁশঝাড়ে বাঁশপাতা সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ কিতাব আলী বাড়ির পাশে তার গরুর জন্য বাঁশপাতা সংগ্রহ করতে যান। সেখানে বাঁশঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক তার ঝুলে থাকায় বাঁশে হাত দেয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় পাশেই অপর একজন এ দৃশ্য দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক তার বাঁশঝাড়সহ আশপাশের গাছপালায় ঝুলে থাকায় তা না কাটায় এলাকাবাসী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কিন্তু কোনো কর্ণপাত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। এজন্য এলাকাবাসী বিদ্যুৎ কর্তৃপক্ষেকে দায়ী করে ক্ষতিপূরণের দাবি জানান।








