বালাসী-বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর নামে ১৪৫ কোটি টাকা অপচয় ও সরকারি অর্থ লটপাটে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। একই সময় তারা ব্রহ্মপুত্র সেতু ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার গাইবান্ধা নাগরিক মঞ্চের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বালাসীঘাট সড়কে নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, গণফোরামের সভাপতি ময়নুল ইসলাম রাজা, গাইবান্ধা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, প্রবীণ সাংবাদিক এস কে মজিদ মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর জন্য বিআইডব্লিউটিএ ১৪৫ কোটি টাকা ব্যয়ে টার্মিনালসহ অবকাঠামো নির্মাণ করেছে। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিএর এক প্রতিবেদনে এই পথে আর ফেরি চালু করা সম্ভব নয় বলে উল্লেখ করা হয়। সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করায় এই ফেরি রুটটি চালু করা সম্ভব হচ্ছে না বলেও কর্তৃপক্ষ জানায়।
বক্তারা প্রশ্ন তোলেন, এর জন্য দায়ী কে, কার বা কাদের স্বার্থে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল? বক্তারা এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি ও দুর্নীতির উৎস খুঁজে বের করে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বালাসীতে ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের ও আহ্বান জানিয়েছেন।



