চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে মো: গোলাম রাব্বী নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে হাজিগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই বাড়ির মেহেদী হাসানের ছোট ছেলে।

স্থানীয়রা জানায়, রাব্বী খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আহমেদ তানভির হাসান বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।