বরিশাল নগরে ১৩ মণ ওজনের একটি স্ট্রিং রে (শাপলা পাতা) মাছ বিক্রির জন্য মাইকিং করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে নগরীর অলিগলিতে মাইকিং করছেন রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ী। ভ্যান ভাড়া করে মাছটি রেখে চলছে এ মাইকিং।
রুবেল বলেন, আমি পোর্ট রোডের মাছ ব্যবসায়ী। সোমবার মাঝ রাতে খবর পেলাম বরিশাল সদর উপজেলার তালতলীতে বেদে সম্প্রদায়ের এক লোকের জালে বড় একটি মাছ ধরা পড়েছে। সেখানে গিয়ে দেখি বিশাল শাপলা পাতা মাছ। দরদাম করে কিনে নিয়ে এসেছি। মাছ বিক্রি করে তাকে টাকা পরিশোধ করবো।
জেলের বরাত দিয়ে রুবেল বলেন, ইলিশ ধরার জন্য বরিশাল শহরের উপকণ্ঠে তালতলী নদীতে জেলেরা জাল ফেলেন। কিছুক্ষণ পরে নদীর পানি কমতে থাকায় শাপলা পাতা মাছটি জেগে ওঠে। মাছটি জালে পেঁচিয়ে পড়লে নৌকা ও জাল টেনে নদীর মধ্যে নিয়ে যেতে থাকে। পরে তালতলী ঘাটে মাছটি নিয়ে আসা হয়। ৩৫০ টাকা কেজি দরে জেলের কাছ থেকে মাছটি কিনেছি।
তিনি বলেন, আনুমানিক ১৩ মণ বা ৫২০ কেজির মতো হবে মাছটির ওজন। আমি মাইকিং করছি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পোর্টরোড রসুলপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
লকডাউন ও মাছ শিকারে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে বিগত দু’বছর ধরে মাছ ব্যবসা ভালো চলছিল না উল্লেখ করে রুবেল আরো বলেন, শাপলা পাতা মাছটি যদি বিক্রি করতে পারি তাহলে সেই ক্ষতি কিছুটা উঠে আসবে।
এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, আঞ্চলিকভাবে শাপলা পাতা মাছ বলা হলেও এটি হচ্ছে স্ট্রিং রে প্রজাতির মাছ। বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। ইংরেজি নাম (Leopard Stingray)। এ প্রজাতির মাছ অগভীর সমুদ্রে বেশি পাওয়া যায়। খেতে অনেক সুস্বাদু।






