প্রতিপক্ষের হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমবাড়ি গ্রামের কাতেবার শেখ (৫৫) মারা গেছেন। ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাত ১০টার দিকে তিনি মারা যান। কাতেবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ আগস্ট সকাল ৮টার দিকে বনগ্রাম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে কাতেবারসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে দাফন করা হয়।
এদিকে কাতেবার শেখের মৃত্যুতে আমবাড়ি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।



