কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার এলাহাবাদ বাজারে এ ঘটনা ঘটে। মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং ও চান্দিনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের গলির পূর্ব পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন লিডার আবদুর রব বলেন, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, সোমবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত ২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ শুনে বাজরে এসে দেখি আগুন লেগেছে। আগুনে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে হার্ডওয়্যারের দোকান দিয়েছিলাম। দোকানের আয় দিয়ে পরিবারের খরচ চলত। রাতে পাহারাদার কবিরের মোবাইল ফোনে আগুনের সংবাদ শুনে বাজারে এসে দেখি আমার দোকানের ১৫-১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই।
এলাহাবাদ বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মুন্সী বলেন, ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১১টি দোকান পুড়ে যায়। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।