চাঁদপুরের শাহরাস্তিতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে তাকে কোর্ট হাজতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
ভিকটিমের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দহশ্রী গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে মো: আজাদ হোসেন ওরফে আজাদ মুন্সী। তিনি গত সোমবার সকাল ১০টায় ওই গ্রামের আনোয়ারের বাড়ির পশ্চিম পাশে স্থানীয় একটি বিদ্যালয়ের এক ছাত্রকে (১৪) মাঠে ছাগল চরানোরত অবস্থায় অশ্লীল ভিডিও দেখার প্রস্তাব দেয়। শিশুটি এ প্রস্তাবে রাজি না হওয়ায় আজাদ তাকে টেনে নিজের বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই শিশুকে জোর করে বলাৎকারের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির সাথে ধস্তাধস্তি কালে স্থানীয়রা এ ঘটনা টের পেয়ে যায়। পরে আজাদ তাদের হুমকি দেয়।
ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন গত বুধবার সন্ধ্যায় আজাদকে শাহরাস্তি (রঃ) বাজারে জিজ্ঞেস করলে সে তাদেরও হুমকি দেয়। একপর্যায়ে ক্ষিপ্ত লোকজন তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মান্নান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে।






