বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা: বানশিধর মিশ্র বলেছেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক বন্ধুর মতো। জাতিগতভাবে আমরা প্রায় এক। আমরা এই দু’দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধির জন্য কাজ করছি। এরই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছি।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুঁগাও স্থল বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনার পর আমরা বাংলাদেশের সাথে আরো বেশ কিছু চুক্তি সম্পাদন করতে পারবো। এখানকার যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে গেলাম। পরে আমরা চুক্তি করার জন্য কাজ করবো। যেহেতু এই বন্দর দিয়ে ভুটানের সাথে যোগাযোগ রয়েছে, তবে নেপালের সাথে কেনো নয়? নেপালের সাথে যোগাযোগের জন্য এটি হতে পারে ভালো একটি মাধ্যম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।