মানিকগঞ্জের ঘিওরে বিথী (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামের শশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামের মো: কদ্দুস মন্ডলের মেয়ে। মৃতের স্বামীর নাম মো: বশির।
মৃত গৃহবধূর বাবার বাড়ির স্বজনরা দাবি করেন, নির্যাতন করে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে মেয়ের শশুর বাড়ির লোকজন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
মৃতের কাকা মো: আক্তার হোসেন মন্ডল জানান, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামের মো: আবুল মন্ডলের ছেলে মো: বশিরের সাথে দশ বছর আগে আমার ভাতিজির বিয়ে হয়। দাম্পত্য কলহ চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। গত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাই। তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
ঘটনার বিষয়ে ঘিওর থানার তদন্ত কর্মকর্তা এসআই মো: বেলাল হোসেন বলেন, খবর পেয়ে সকালেই লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ঘিওর থানার (ওসি তদন্ত ) মো: মহব্বত খান জানান, গলায় ফাঁস দিয়ে মৃত্যুর সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।






