ব্রাহ্মণবাড়িয়ায় রহমত ভূঁইয়া রানা নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, রানা চেয়ারে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করছেন। তার পাশে আরেকজন তাকে সেবন কাজে সহযোগিতা করছেন। তবে চেহারা দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী রহমত ভূঁইয়া রানা প্রথমে ভিডিওটি তার নয় বললেও পরে জানান, শত্রুতা করে মাদকসেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি নিউজপোর্টালের সাংবাদিকের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘সে ভিডিওটি করেছে। আমার সাথে ভিডিওটি নিয়ে ফোনে কথা বলেছিল। গতকাল বৃহস্পতিবার দীর্ঘক্ষণ বসে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর দেখা করেনি।’
ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম জানান, রানা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। মাদকসেবনের বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।






