ফেনীতে এক হকারের ছুরিকাঘাতে আল-আমিন নামের আরেক হকার খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার পূর্ব বিজয়সিংহ গ্রামের লুদ্দারপাড় ফরিদ মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার রাজিন্দ্র বাটি এলাকার নুর ইসলামের ছেলে আল আমিন, তার বড় ভাই মো: তোফাজ্জল এবং একই এলাকার ডায়মন্ড ওই কলোনিতে ভাড়া থাকতেন। তারা তিনজনই ফেনী শহর ও জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে হরেক রকমের জিনিসপত্র বিক্রি করতেন। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ ডায়মন্ড ছুরি নিয়ে আল আমিনের ওপর হামলা করেন এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এসময় আল আমিনকে বাঁচাতে এগিয়ে এলে তোফাজ্জলকেও ডায়মন্ড ছুরিকাঘাত করেন। তাদের চিৎকারে কলোনির অন্য বাসিন্দারা এগিয়ে এলে ডায়মন্ড দৌড়ে পালিয়ে যান।

একটি সূত্র জানায়, নওগাঁয় স্থানীয় এক মেয়ের সাথে ডায়মন্ডের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই সম্পর্ক ভেঙে যায়। প্রেমে বিচ্ছেদের জন্য আল আমিনকে দায়ী করেন ডায়মন্ড। এনিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়াও হয়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আল আমিন ও তোফাজ্জলকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

এদিকে তোফাজ্জলকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের ডা: মো: ইকবাল হোসেন ভূঁঞা জানান, ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যান তিনি। আহত অন্য একজনকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য আল আমিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ডায়মন্ড পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।