নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে কয়েক রাউন্ড গুলি করে ফিল্মি স্টাইলে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী।
শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় পিডিকে সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঢাকার মতিঝিল এলাকার একটি মানি এক্সচেঞ্জ থেকে টাকা তুলে আড়াইহাজার যাওয়ার পথে ওই ছিনতাইয়ের শিকার হন আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন।
ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ২৫ লাখ টাকা তুলে তার চাচাত ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দেই। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছালে চারটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী আমাকে ঘেরাও করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা আমাকে ধরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় আমি চিৎকার করলে একজন পথচারী এগিয়ে এলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ওই পথচারীর হাঁঠুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা জায়নি।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান ও ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ওসি মশিউর রহমান জানান, ছিনিয়ে নেয়া চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। টাকা ও ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে। কোথায় থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তদন্তের স্বার্থে তিনি তা জানাতে চাননি।



