লক্ষ্মীপুরের রামগতিতে পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী মো: পারভেজকে (২৭) শ্বাসরোদে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন পারভেজের স্ত্রী তাছনুর বেগম (২৩)।
এ ঘটনার দুইমাস পর ময়নাতদন্ত রির্পোট পেয়ে তাছনুর বেগমকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে নিহতের বাবা রামগতি থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার ২০ থেকে ২৫ দিন আগে পারভেজের ভাড়া বাসায় তার স্ত্রী তাছনুর বেগমকে স্থানীয় জুয়েলের (২১) সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তারই জেরে পরিকল্পিত ভাবে স্ত্রী তাছনুরের প্রেমিক জুয়েল, সহযোগী ইব্রাহিম ও দুলাল এ ঘটনা ঘটিয়েছে।
তাছনুর বেগম চর আলগী ইউনিয়নের চর নেয়মত গ্রামের মো: আজাদের মেয়ে।
হাজীগঞ্জ দাখিল মাদরাসায় লেখাপড়া করার সুবাদে পারভেজের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় বছর আগে তাদের বিয়ে হয়।
নিহত মো: পারভেজ চর হাসান হোসেন গ্রামের মো: জমিরের ছেলে। তিনি ছয় বছর ধরে চর পোড়াগাছা বাজারে মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা পরিচালনা করছিলেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী থানায় মামলা হয়েছে। স্ত্রী তাছনুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।






