মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের অরজু মিয়ার ছেলে এক সন্তানের জনক রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর ছেলে তিন সন্তানের জনক শাহীন (২৮)।
জানা গেছে, সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই রুবেল ও শাহীন বাড়ির দক্ষিণ পাশে মাটিকাটা চকে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘাসের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে বিকট শব্দে তাদের ওপর বজ্রপাত হয়। এতে দু’জনেরই কোমরের নিচের অংশ ঝলসে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সাহরাইলস্থ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন এবং শাহীনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে শাহীনও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বজ্রপাতে দু’জনের মৃত্যুর ঘটনায় দুই পরিবারেই চলছে মাতম।



