ঢাকার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনীর ৯টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার শ্রীপুর তালটেক এলাকার সাঈদ মাস্টারের মালিকানাধীন শ্রমিক কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, রাত একটার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কলোনীর একটি কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিজস্ব ব্যস্থাপনায় আগুন নেভানোর কাজে ব্যর্থ হয়ে ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে ওই কলোনীর ৯টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের এ ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ওই শ্রমিক কলোনীর ৯টি কক্ষ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।






