জেলা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতকে চুরি করে নেয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার দুপুরে শহরের নোভা ট্রমা সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম মিতু আক্তার (২৮)। তার বাড়ি সদর উপজেলার বশিকপুর এলাকায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার দালাল বাজার এলাকার সাবিনা আক্তার নোভা ট্রমা সেন্টারে সিজার অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। রোববার দুপুরে নার্স পরিচয়ে মিতু আক্তার হাসপাতালে যায়। পরে সে ওই নবজাতককে ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মিতুকে আটক করে।
নবজাতকের বাবা সুমন হোসেন ও মা সাবিনা আক্তার জানান, রিকশা করে নবজাতককে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন টের পেয়ে ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন জানান, আটককৃত মহিলা নবজাতক চুরির একটি সিন্ডিকেট সদস্য বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, চুরি করার সময় নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত নারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।



