বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে পবিত্র কুরআনখানি, নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সুবিধাবঞ্চিত ১৩৪ জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্যসচিব স্থানীয় চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিনসহ অনেকে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদতবরণ করেন। এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।