নরসিংদীর শিবপুরের কারারচরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১১টার দিকে পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাশের সাথে পড়ে থাকা ব্যাগ, কিছু কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে ধারণা করা হচ্ছে ওই যুবকের নাম মো: হাসিবুল আলম (২২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সোহরাব হোসাইনের ছেলে। তবে এটি তার আসল পরিচয় কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে মহাসড়কে চলাচলরত পথচারীরা ডোবা সংলগ্ন স্থানটিতে রক্তের দাগ দেখতে পান। তারা কৌতুহলি হয়ে রক্তের উৎস খুঁজতে শুরু করেন। তারপরই ওই ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের মাথায়, বুকে ও কোমরের ওপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই স্থানেই তাকে হত্যার পর লাশ ওই ডোবায় ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হলো তা বোঝা যাচ্ছে না।
শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিনহাজ উদ্দিন জানান, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাথে থাকা জাতীয় পরিচয়পত্রটি তার কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। কি কারণে তাকে হত্যা করা হলো তা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।






