গাজীপুরে গার্মেন্টসে যাওয়ার জন্য মেয়েকে বিদায় দিতে গিয়ে বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কয়া এলাকার মৃত মীর বক্সের স্ত্রী।

জিএমপি’র কাশিমপুর থানার এসআই হানিফ মিয়া জানান, প্রায় দু’সপ্তাহ আগে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ির মোজারমিল এলাকায় মেয়ে আফরোজা বেগমের বাসায় বেড়াতে আসেন রোকেয়া বেগম। আফরোজা স্থানীয় এক গার্মেন্টস কারখানায় চাকরি করেন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গার্মেন্টসগামী মেয়েকে কিছুটা পথ এগিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথে বৃটিশ আমেরিকান টোব্যাকো কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে টাঙ্গাইলগামী ঠিকানা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে গেলে রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।