গাজীপুরের কাশিমপুর কারাগারের থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) সদস্যে মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।
তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। তিনি মাদারীপুরের রাজৈর থানার মজুমদারকান্দী গ্রামের মৃত হাকিম ফরাজীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আব্দুল জলিল সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, মাওলানা আব্দুর রউফ হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহামদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
২০১৬ সালের ২ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দী ছিলেন।
জেল সুপার আরো জানান, মাওলানা আব্দুর রউফ বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানার ২০০০ সালের একটি মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০০৪ সালের মতিঝিল থানার মামলায় (ধারা ৩০২/১২০খ/৩৪ দঃ বিঃ) ৩০ বছর সশ্রম ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় ৩০ বছর সশ্রম, ২০০১ সালের রমনা থানার মামলায় (ধারা-৩০২/১২০ বি) ৩০ বছর সশ্রম এবং ২০০৫ সালের ফরিদপুরের কোতয়ালী থানার বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩-এর মামলায় ৩০ বছর সশ্রম কারাণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।






