গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে সংহতি সমাবেশ করেছেন উৎকণ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গত ২৫ আগস্ট গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাইমারি সিলেকশনের ফলাফল দেয়া হলে সেখানে মানবিক ও বাণিজ্য বিভাগের সব শিক্ষার্থী সুযোগ পেলেও বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী বাদ পড়ে যায়। বাদ পড়া শিক্ষার্থীরা সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘উৎকণ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই সমাবেশের আয়োজন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐকমত্য জানিয়ে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, এই করোনার সময় যেখানে ছাত্রদের সুবিধা বাড়িয়ে দেয়ার কথা সেখানে তা না করে সুবিধা কমিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানের মতো আচরণ করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে কর্ণপাত করছে না। ছাত্রদের এই আন্দোলনের সাথে আমরা সহমত পোষণ করে দ্রুত দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি।
সমাবেশে শিক্ষার্থী উম্মে হাবিবা ইউজিসির প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘হয়রানি কাকে বলে? আমি আজকে একটা মেয়ে বাড়িতে না বলে কুমিল্লা থেকে এখানে এসেছি, বিষের বোতল হাতে নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ চাইতে। এটা কি হয়রানি না?’ শিক্ষামন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে হাবিবা বলেন, ‘আপনি আমাদের বলেছিলেন অটোপাস কোনোভাবেই উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের প্রতি প্রভাব ফেলবে না। কিন্তু আমরা বিজ্ঞান বিভাগের এক লাখেরও অধিক শিক্ষার্থী আজকে আমরা পরীক্ষা দিতে পারছি না। তাহলে আপনি কি আমাদের সাথে প্রতারণা করছেন না?’
ইউজিসির প্রতি আহবান জানিয়ে শিক্ষার্থী হাসনাত জামি বলেন, আমরা আপনাদের সাথে বিরোধ করতে আসি নাই। আপনারা আমাদের পিতৃতুল্য, আমাদের সাথে বাবার মতো আচরণ করুন। আমরা বলি নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিট দেন, আমরা বলেছি আমাদেরকে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়া দিন। আমাদেরকে যদি যোগ্যতা প্রমাণের সুযোগ না দেয়া হয় তাহলে দুর্বার আন্দোলন করে জীবনের বিনিময়ে হলেও দাবি আদায় করব।
এছাড়াও শিক্ষার্থীদের এই সমাবেশের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা গুচ্ছ সিলেকশন পদ্ধতি বাতিলের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।
সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে সংহতি সমাবেশ করেছেন উৎকণ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত ২৫ আগস্ট গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাইমারি সিলেকশনের ফলাফল দেয়া...



