শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। ঘোনাপাড়া নতুন বাজার সড়ক থেকে বইগুলো জব্দ করে পুলিশ।

এ নিয়ে ঘোনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার কোহিনুরসহ পাঁচজনের নামে মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সরকারি বই বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় শ্রীবরদীর ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে আসা ২০২০-২১ শিক্ষা বর্ষের ১৭ বস্তা বই উদ্ধার করা হয়। পরে বই বহনে অটোচালক রুবেল মিয়াকে আটক করা হয়।

বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার কোহিনুরসহ পাঁচজনের নামে থানায় একটি মামলা হয়েছে।

প্রধান শিক্ষক ফারজানা আক্তার কোহিনুর বলেন, আমি কিছুই জানি না। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, বই বিক্রি নিষিদ্ধ। তবে যদি বিক্রি করে থাকে তা আমার জানা নেই।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে জেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশিম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।