ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে টিনসেডের একটি শ্রমিক কলোনিতে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় একটি কক্ষে আটকা পড়ে আখি মনি নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই শ্রমিক কলোনির ১৬টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পবনার টেক রুপায়ন মাঠ এলাকার হুমায়ুন ও হানিফের টিনসেডের কলোনিতে এ ঘটনা ঘটে।

শিশু আখি মনি লালমনিরহাট সদর উপজেলার বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার হুমায়ুনের টিনসেডের কলোনিতে গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পাশে হানিফের টিনসেডের কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুনে হুমায়ুনের বাড়ির ৬টি কক্ষ পুড়ে গেছে। সেখানে একটি কক্ষে শিশু আখি মনি ছিল। সে বের হতে না পেরে পুড়ে মারা যায়। দুই বাড়ি মিলিয়ে প্রায় ১৬টি কক্ষের মতো পুড়ে গেছে।

আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জিহাদ হোসেন বলেন, আগুনের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ১৬টি কক্ষ পুড়ে গেছে। গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আগুনের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।