বান্দরবানের থানচির বড় পাথর এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মো: ফজলে এলাহী ফয়সাল (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব মেরাসানীর বাসিন্দা।

শনিবার দুপুর দেড়টার সময় বড় পাথর এলাকায় নৌকা থেকে নেমে সাঙ্গু নদীর পাথুরে পানিতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, ফজলে এলাহী ফয়সালসহ ১৩ জনের একটি দল বড় পাথর এলাকায় বেড়াতে যায়। সেখানে দুপুরে মো: ফজলে এলাহী ফয়সাল গোসল করতে পানিতে নামে। পানিতে নামার পর থেকেই সে নিখোঁজ হয়।

পুলিশ জানায়, পর্যটকরা বড় পাথর এলাকায় গেলে থানায় এন্ট্রি করে। তবে ওই পর্যটকরা থানায় এন্ট্রি করেননি। ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানাও সম্ভব হয়নি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় জানান, ‘বড় পাথর এলাকায় এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে বিস্তারিত খবরাখবর এখনো পাওয়া যাচ্ছে না। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।