মাগুরায় বাস উল্টে চারজন নিহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানির মধ্যে পড়ে যায়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এছাড়া আহত হয়েছে শিশুসহ ১০ জন। তাদেরকে মাগুরা সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের মধ্যে আটকে থাকা দুই নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মাহাবুব জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ নামের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহতদের একজন হচ্ছেন বাসের হেলপার মামুন মিয়া (২০)। তার বাড়ি শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রামে। নিহত নারী শালিখা উপজেলার দিঘলগ্রামের বারি মিয়ার স্ত্রী সহিরন নেছা (৫০) ও শতখালী গ্রামের হারুন মিয়ার স্ত্রী নাজমা খাতুন (৩২)। এ ছাড়া নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি বাস ড্রাইভার কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।